প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:০৪ এএম

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে দ্বিতীয়বারের মতো ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল আবারও বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে একটি ট্রেনের গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় সাময়িকভাবে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রথম দুর্ঘটনার কারণে মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং জারিয়া লোকাল ট্রেন শম্ভূগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। পরে রেলওয়ের উদ্ধারকারী দলের চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে লাইন সচল হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই নতুন বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আবারও রেল যোগাযোগ ব্যাহত হয়।
একই দিনে পরপর দুটি লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে। পাশাপাশি দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেলপথ সচল করার চেষ্টা অব্যাহত রয়েছে।
জ/দি