
বাংলাদেশে বন্দর ও অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিনিধি দল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে-টার্মিনাল নির্মাণ করতে চায়। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আগ্রহ রয়েছে।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বন্দর, রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধি দল জানায়। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সৌদি প্রতিনিধি দলকে অবহিত করেন এবং বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তাদের ধন্যবাদ জানান।
জবাবে প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহভরে অপেক্ষা করছেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধি দলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
জ/উ