কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৪৮ এএম

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বুধবার (১৫ জুলাই) বিকালে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেওয়ার কথা সংসদকে জানান।

তিনি বলেন, ‘যেটি প্রস্তাবনা সন্মান্বিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন। আমি এরই ভেতরে গতকালকেই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামের নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিরোধীদলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি সরকারের পক্ষ তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনো করছে।’

তিনি বলেন, ‘লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লাখ লাখ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মতো টেক কেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সব বিষয় বিবেচনা করে মরহুম শেখ হামদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজকে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে।’

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার সামাজিক মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ (বুধবার) বাংলাদেশ শোক পালন করছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন।

শেখ হামদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্বপালন করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft