প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে স্পিকার দোহা যান। সফরকালে কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন। পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জ/উ