সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমতে পারে
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম

অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতি মোকাবিলায় চলতি অর্থবছরে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের উদ্যোগ জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ ঋণের আওতায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাবদ মাসিক আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সরকারের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান মাসিক ভাতা ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ২৫ হাজার টাকায় গাড়ি রক্ষণাবেক্ষণ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। তবে সরকারি এ সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. মুস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় নিয়ন্ত্রণ ও কৃচ্ছ্রসাধনের উদ্যোগ সময়োপযোগী। তাঁর মতে, প্রশাসনিক ব্যয়ে সংযমের পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি, অপচয় রোধ এবং রাজস্ব আহরণে কার্যকারিতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে পরিচালন ও উন্নয়ন বাজেট বাস্তবায়নের জন্য একাধিক নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনার আওতায় নতুন গাড়ি ক্রয়, বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে ব্যয় সীমিত বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও কোম্পানিগুলোর ক্ষেত্রেও এসব ব্যয় নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft