
দলীয় নেতাকর্মীদের মতপার্থক্য থাকলেও সংগঠনের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলের ভেতরে ভিন্নমত থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সংগঠনের ঐক্যে প্রভাব না ফেলে। ঐক্য সুদৃঢ় থাকলে কোনো অপশক্তি বা অনুপ্রবেশকারী সুযোগ নিতে পারবে না।
সোমবার (১৪ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতেও একইভাবে সংগঠনকে শক্তিশালী রাখতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্ষা শেষে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে দল গোছানোর ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির সার্বিক অগ্রগতিই প্রকৃত উন্নয়ন। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সারাদেশে এক হাজার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনায় সবাইকে শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি একটি পরিবারের উদাহরণ দিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিবার যেমন সুন্দরভাবে পরিচালিত হয়, তেমনি দেশ পরিচালনাতেও সবার দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ/উ