প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুলাই একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৬ সালের ১ থেকে ১২ জুলাই পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ১ দশমিক ০৭১ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব পদক্ষেপের ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
জ/উ