গৌরনদীতে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম

বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজ হাতে নারিকেল, নিমসহ কয়েকটি গাছের চারা রোপণ করেন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব দোয়া পরিচালনা করেন।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কখনও অতিবৃষ্টি, কখনও অনাবৃষ্টি এবং শীতের তীব্রতাও আগের মতো নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিশ্চিত করলেই এর সুফল পাওয়া যাবে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরে যাবেন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম বরিশাল সফর। পথে স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft