সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ১২:৪৩ এএম

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার শুরুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের সংক্ষিপ্ত জীবনপঞ্জি পাঠ করেন। পরে স্পিকার, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বক্তব্য দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের একজন কৃতী সন্তান ছিলেন। তিনি ব্যক্তি জীবনে সজ্জন ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এ এস এম বাহাউদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft