ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই প্রকল্প, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম

রাজধানীর বর্জ্যকে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব পণ্যে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ, মিথেন গ্যাস, জৈব সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জানানো হয়, ঢাকার আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপের বিনিয়োগে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। এ প্রকল্পে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে এবং কেন্দ্রটি অন্তত ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানির বাস্তবায়নে আরেকটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলা হবে। এ প্রকল্পে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন এবং তা ব্যবহার করে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের ব্যবস্থাও থাকবে।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে বর্জ্য থেকে নির্গত ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ খাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft