জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম

অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে আট বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগে যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া রংপুর অঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft