এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান রাশেদ খানের
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে নতুন রাজনৈতিক ধারার প্রতি মানুষের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হতে পারে। শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির আত্মপ্রকাশকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে তার পর্যবেক্ষণ অনুযায়ী, দলটির সাম্প্রতিক কর্মসূচিগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ আগের তুলনায় কম দেখা যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, সাভারে এনসিপির একটি পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাজধানীতে প্রত্যাশিত মাত্রায় প্রতিবাদ কর্মসূচি দেখা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে দলটির সাংগঠনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে জনমনে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান তুলে ধরা প্রয়োজন। তার মতে, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করতে হলে এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ রাখা উচিত নয়।

তিনি আরও দাবি করেন, এনসিপির নেতৃত্বের একটি অংশের নির্বাচনী প্রক্রিয়ায় জামায়াতের সমর্থন ছিল। এ কারণে দলটি ভবিষ্যতে কতটা স্বাধীন রাজনৈতিক অবস্থান বজায় রাখতে পারবে, সে প্রশ্নও তোলেন তিনি। তবে এ বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোস্টের শেষাংশে রাশেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন রাজনৈতিক উদ্যোগগুলোর প্রতি জনসমর্থন কমে গেলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। তাই নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সুস্পষ্ট নীতি, সাংগঠনিক সক্ষমতা এবং স্বাধীন রাজনৈতিক অবস্থান নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft