প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৩৭ এএম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত এবং ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।
সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনে দেশের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি কিংবা অনিয়মের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, নৈতিক শিক্ষা ও কর্মদক্ষতার বিষয়গুলোতেও গুরুত্ব দিচ্ছে। ধাপে ধাপে কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
জ/উ