শিশুশ্রম বন্ধে উদ্যোগ শুরু হোক ঘর থেকেই: শ্রমমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫২ পিএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিশুশ্রম নির্মূলে শুধু আলোচনা বা সেমিনার যথেষ্ট নয়; বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, শিশুশ্রম বন্ধের সচেতনতা ও উদ্যোগ শুরু হতে হবে নিজের পরিবার ও ঘর থেকেই।

সোমবার (২৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত ও বস্তি এলাকার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশের মানবসম্পদই সবচেয়ে বড় শক্তি এবং শিশুদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

তিনি আগামী এক বছরের মধ্যে কার্যকর পাইলট প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়ে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে কতজন শিশুকে শ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় আনা যায়, সেটিই হবে প্রকৃত সাফল্যের মানদণ্ড।

শিশুশ্রম প্রতিরোধে দেশব্যাপী গণসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারসহ সব ধর্মীয় উপাসনালয়ে শিশুশ্রমের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা বাড়ানো যেতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশে শিশুশ্রম পরিস্থিতি, অর্জন ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft