কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখে কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে ভ্যাটের আওতার বাইরে রাখা হবে। একই সঙ্গে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের রাজস্ব ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে আরও করদাতাবান্ধব ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। করের হার বাড়ানোর পরিবর্তে করভিত্তি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি কমাতে ফ্ল্যাট রেটে ভ্যাট ব্যবস্থার উদ্যোগ নেওয়া হলেও কাঁচাবাজার ও ছোট মুদি দোকানকে সম্পূর্ণভাবে এ ব্যবস্থার বাইরে রাখা হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং কৃষি ও শিল্প উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর কমানো হয়েছে। বাজারে কৃত্রিম সংকট ও কারসাজি ঠেকাতে কঠোর নজরদারিও অব্যাহত রয়েছে।

আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো, শিল্প, কৃষি, আইসিটি ও সেবাখাতের সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।

বাজেট ঘাটতি ও সরকারি ব্যয় ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশ করা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে পরিচালন ব্যয় কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft