জাপান-ব্রাজিল ম্যাচে আলোচনায় রেফারি মারিয়ানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম

বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ফিফার ঘোষিত রেফারি প্যানেল অনুযায়ী, মারিয়ানির সহকারী হিসেবে থাকবেন ইতালির দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গ্রুপ ম্যাচ পরিচালনা করেছেন মারিয়ানি। সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

ইউরোপীয় ফুটবলে অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত হলেও অতীতে কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন মারিয়ানি। বিশেষ করে সিরি আ ও ইউরোপিয়ান প্রতিযোগিতার কিছু ম্যাচে তার নেওয়া পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

২০২৪ সালে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি পেনাল্টি সিদ্ধান্তের পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। এছাড়া ২০২১ সালে ইন্টার-জুভেন্টাস ম্যাচেও শেষ মুহূর্তের একটি পেনাল্টি সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে এখনও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় তার ওপর আস্থা রাখছে ফিফা। সম্প্রতি ইউরোপীয় কনফারেন্স লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে ব্রাজিল ও জাপানের ম্যাচ ঘিরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। ব্রাজিলের আক্রমণভাগে তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং জাপানের দুর্দান্ত ফর্ম ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে মাঠের খেলার পাশাপাশি রেফারির সিদ্ধান্তও থাকবে আলোচনার কেন্দ্রে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft