গ্রুপ পর্বের সেরা একাদশ প্রকাশ করল অপ্টা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২৮ পিএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ৭২টি ম্যাচ শেষ হওয়ার পর নকআউট পর্বের উত্তেজনা শুরু হয়েছে। এরই মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে গ্রুপ পর্বের সেরা একাদশ প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট।

অপ্টার এই একাদশে জায়গা পেয়েছেন কেপ ভার্দের দুইজন এবং স্পেনের দুইজন ফুটবলার। এছাড়া জাপান, ঘানা, যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে ও ফ্রান্সের একজন করে খেলোয়াড় রয়েছেন।

গোলরক্ষক
গোলপোস্টের নিচে রাখা হয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়াকে। ৪০ বছর বয়সী এই গোলকিপার দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথমবারের মতো নকআউট পর্বে তুলতে বড় ভূমিকা রাখেন। গ্রুপ পর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে নজর কাড়েন।

রক্ষণভাগ
ডান প্রান্তে জায়গা পেয়েছেন ঘানার মারভিন সেনায়া। গ্রুপ পর্বে তার রক্ষণাত্মক নৈপুণ্য ছিল প্রশংসিত। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮টি ট্যাকল করেন তিনি।

সেন্টার-ব্যাকে আছেন কেপ ভার্দের দিনেই বোর্হেস ও স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবারসি। দিনেই রক্ষণে দৃঢ়তা দেখানোর পাশাপাশি ৩১টি ক্লিয়ারেন্স করেন। অন্যদিকে কুবারসি নিখুঁত পাসিং ও পরিণত ফুটবলবোধের পরিচয় দেন।

বাঁ প্রান্তে জায়গা পেয়েছেন জাপানের কেইতো নাকামুরা। গোল ও আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলের সাফল্যে অবদান রাখেন তিনি।

মিডফিল্ড
মিডফিল্ডে আছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি ও ইকুয়েডরের পেদ্রো ভিতে। ম্যাককেনি আক্রমণে গতি বাড়ানোর পাশাপাশি একাধিক গোলের সুযোগ তৈরি করেন। অন্যদিকে পেদ্রো ভিতে পাসিং, বল পুনরুদ্ধার ও ট্যাকলে ছিলেন দারুণ কার্যকর।

আক্রমণভাগ
ডান উইংয়ে রাখা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন।

বাঁ উইংয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করে তিনি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের পাশে নিজের নাম লেখান।

স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। হালান্ড মাত্র দুই ম্যাচে চার গোল করে দারুণ কার্যকারিতা দেখান। অন্যদিকে এমবাপ্পে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছয়টি গোলে অবদান রেখে ফ্রান্সকে নকআউট পর্বে তুলতে বড় ভূমিকা রাখেন।

ব্যক্তিগত নৈপুণ্য, পরিসংখ্যান ও দলের সাফল্যে অবদানের ভিত্তিতে অপ্টা এই একাদশ নির্বাচন করেছে। এখন নকআউট পর্বে এই তারকাদের পারফরম্যান্সের দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft