প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্পারসোর কার্যালয়ে পৌঁছান। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্পারসোর চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণায় কার্যকর অবদান রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জ/উ