নবজাতককে জন্মের পরই শালদুধ খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৪০ পিএম

জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শালদুধ শিশুর জন্য ভিটামিন ‘এ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস এবং শিশুর সুস্থ বিকাশে এটি অত্যন্ত উপকারী। রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ চালিয়ে যেতে হবে। একই সঙ্গে শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় খাবার ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এবং কোনো শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত দিনে কেউ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তা গ্রহণের সুযোগ থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউনিসেফের সহায়তায় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে দেশে লাল ও নীল মিলিয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে।

তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ৩৫ লাখ ৪ হাজার ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে আজ প্রায় ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকার মান সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান যাচাইয়ের পর উন্নতমানের টিকা সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জ/উ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft