ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম

হয়রানি নয়, বরং ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় করা সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, করের পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষ বা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর এফডিসিতে ‘বাজেটের সুফল পেতে অর্থের যোগান ও বাস্তবায়ন দক্ষতা’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার উন্নয়নের নামে অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে আগ্রহী নয়। বরং মানবসম্পদ উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রয়োজনীয় প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পূর্ববর্তী সময়ে নেওয়া কিছু বড় প্রকল্প বন্ধ করলে অপচয় বাড়তে পারে বিবেচনায় সেগুলো পর্যালোচনা করে যৌক্তিকভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার সন্তোষজনক নয়। এ অবস্থা থেকে উত্তরণে সরকার কাজ করছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ কমাতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়ানো জরুরি। তিনি শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কর আরোপের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগানের চেয়ে বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে প্রাইমএশিয়া ইউনিভার্সিটিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft