প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২০ এএম

সব ধরনের সমস্যা নিরসন করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া খাতকে গুরুত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়াতে ক্রীড়াবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অলিম্পিক ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে ভবিষ্যতে অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের যথাযথ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করা গেলে তারা বিশ্বের বুকে দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে সক্ষম হবেন। অনুষ্ঠানে আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সেনাপ্রধান।
জ/উ