প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:৫৬ পিএম

সড়ক ও মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বর্জ্য অপসারণ কার্যক্রম এবং নতুন ডাম্পিং স্টেশনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও পরিবেশবান্ধব করতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের বিষয়টি সরকারের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত দুই দিন ধরে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করার লক্ষ্যে কাজ চলছে।
মীর শাহে আলম বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য থেকে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সম্ভব হবে, যা পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক মূল্যও সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সড়ক ও মহাসড়কের পাশে যাতে কোনো বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য লোকালয় থেকে দূরে নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতাও আরও বৃদ্ধি পাবে।
জ/উ