প্রতিযোগিতামূলক বিশ্বে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৩০ পিএম

বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় সফল হওয়া কঠিন। রোববার (১৪ জুন) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবনী সক্ষমতাই একটি দেশ ও জাতির অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। যে দেশ গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারাই ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিখাতে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে সরকার বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দেশের বৃহৎ অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর প্রকল্পগুলো বাস্তবায়নে বিপুলসংখ্যক দক্ষ বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদের প্রয়োজন হবে। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে ভিত্তি করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়ন, উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা এবং তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft