প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২০ পিএম

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাফারি পার্কে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা পার্কের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত বন্যপ্রাণী ও পার্কের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি সড়কপথে ডুলাহাজারা সাফারি পার্কে যান।
সফরকালে সড়কের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত এই সাফারি পার্ক দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে পরিচিত। সমুদ্রসৈকতের পাশাপাশি কক্সবাজারের অন্যতম দর্শনীয় স্থান এটি। পাহাড়, বনভূমি, জলাধার ও উন্মুক্ত পরিবেশে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নিয়ে গড়ে উঠেছে পার্কটি।
চট্টগ্রাম শহর থেকে পার্কটির দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার। ১৯৮০-৮১ অর্থবছরে বন বিভাগের উদ্যোগে এখানে একটি হরিণ প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এটি দেশের প্রথম সাফারি পার্কে রূপান্তরিত হয়।
জ/দি