কৃষিপ্রতিবেশ চর্চায় গড়বে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:২২ পিএম

কৃষিপ্রতিবেশভিত্তিক (এগ্রোইকোলজি) চর্চার মাধ্যমে জলবায়ু সহনশীল, টেকসই ও কৃষকবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব—নেত্রকোণায় অনুষ্ঠিত এক আঞ্চলিক সংলাপে এমন মতামত উঠে এসেছে।

“বাংলাদেশে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ: এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ” শীর্ষক এ সংলাপ বুধবার (১০ জুন) নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এবং রোজা লাক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার সহযোগিতায় এতে কৃষক, গবেষক, উন্নয়নকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংলাপের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী। আলোচনায় হাওর, পাহাড় ও সমতল অঞ্চলের পানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিতে রাসায়নিক নির্ভরতা, দেশি বীজ সংরক্ষণ, নারী কৃষকের ভূমিকা এবং কৃষিপ্রতিবেশভিত্তিক খাদ্য ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ, কম খরচের কৃষি এবং কৃষকের নিয়ন্ত্রণভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এগ্রোইকোলজি কেবল কৃষি পদ্ধতি নয়, বরং এটি পরিবেশগত ভারসাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যকর উপায়।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বারসিকের পরিচালক সিলভানুস লামিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। এ সময় বারসিকের পলিসি অ্যান্ড রিসার্চ অফিসার আম্রিণ বিনতে আজাদ কৃষিপ্রতিবেশ সংকট ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নেত্রকোণা অঞ্চলে কৃষিপ্রতিবেশভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে করণীয় তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

গ্রিন কোয়ালিশনের জেলা সহসভাপতি আলপনা বেগম বলেন, হাওর অঞ্চলে পানিনির্ভর ধানের পাশাপাশি রবিশস্য ও মাছ চাষ বাড়াতে হবে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। কৃষাণ গবেষক গোলাম মোস্তাফা কৃষিতে কীটনাশকের ব্যবহার কমানো এবং নারী কৃষকের জন্য নীতিগত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়।

সমাপনী বক্তব্যে মো. অহিদুর রহমান বলেন, উন্নয়নের নামে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের ফলে কৃষিপ্রতিবেশ চর্চা হুমকির মুখে পড়ছে। তিনি হাওর-পাহাড়ের স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং কীটনাশক ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

জ/দি 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft