![]() |

বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্কের পর ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দীর্ঘ পর্যালোচনা শেষে মঙ্গলবার (২ জুন) সংশোধিত প্রজ্ঞাপন জারি করে পুরস্কারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। তবে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে ঘোষিত ফলাফল নিয়ে চলচ্চিত্র অঙ্গনে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় মন্ত্রণালয়।
সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জানুয়ারিতে আজীবন সম্মাননার জন্য ঘোষিত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম প্রত্যাহার করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালা অনুযায়ী, আজীবন সম্মাননা কেবল জীবিত ব্যক্তিদের প্রদান করা যায়। যেহেতু এই দুই গুণী ব্যক্তিত্ব পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন, তাই তাদের নাম অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে জুরি বোর্ডের সদস্যদের মতামত গ্রহণের পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। অন্যদিকে ২০২৩ সালের আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুরি বোর্ডের প্রাথমিক সুপারিশেই শবনমের নাম অন্তর্ভুক্ত ছিল। এদিকে সেরা চিত্রনাট্য বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। পূর্ববর্তী প্রজ্ঞাপনে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে অভিযোগ ওঠে, তিনি ওই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার সঙ্গে যুক্ত ছিলেন না। অভিযোগের সত্যতা যাচাই ও পর্যালোচনার পর সংশোধিত প্রজ্ঞাপনে তার নাম বাদ দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘রক্তজবা’ চলচ্চিত্রের প্রকৃত চিত্রনাট্যকার তাসনীমুল হাসানকে সেরা চিত্রনাট্যকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিতর্কিত বিষয়গুলোর সমাধান করে প্রকৃত অবদানকারীদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জ/দি
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিতর্কের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রদবদল, জারি হলো সংশোধিত প্রজ্ঞাপন
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এক মাস কর্মস্থলে অনুপস্থিত
গোপালগঞ্জে সাড়ে চার হাজার পিচ ইয়াবাসহ যুবতী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা