প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ নতুন কিস্তি নিয়ে ফিরছে। তবে এবার মূল চরিত্রে থাকছেন না বিদ্যা বালান। তার পরিবর্তে ‘কাহানি থ্রি’-তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী ইয়ামী গৌতম। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিনেমাটি আগের দুই কিস্তির গল্পের সরাসরি ধারাবাহিকতা নয়। বরং ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির রহস্যময় আবহ বজায় রেখে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে নির্মিত হবে। আগের সাফল্যের পুনরাবৃত্তি না করে ভিন্নধর্মী থ্রিলার উপহার দেওয়ার লক্ষ্য নির্মাতাদের।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘কাহানি থ্রি’-তে ইয়ামী গৌতমকে একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।
সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষ নতুন গল্পের মাধ্যমে দর্শকদের চমক দিতে চান। একই সঙ্গে ‘কাহানি’ সিরিজের স্বতন্ত্র রহস্যঘন আবহ অক্ষুণ্ণ রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’ সিনেমায় বিদ্যা বালানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর গল্পভিত্তিক ছবিটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু: দুর্গা রানী সিং’, যেখানে বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনয় করেছিলেন। ছবিটিও দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পায়।
জ/উ