প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:০৯ পিএম

স্মার্ট ভূমি ব্যবস্থাপনার সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে লালমনিরহাটে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, আগামী ১৯ মে সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়ভাবে “ভূমিসেবা মেলা-২০২৬”-এর উদ্বোধন করবেন।
মেলা উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, ডিজিটাল ভূমিসেবা স্টল, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী নাগরিকরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে “আলোকিত লালমনিরহাট” গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি ভূমি সেবা, পর্যটন সম্ভাবনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক জেলার পর্যটন সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও তা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনা করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জ/দি