প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:৫০ এএম

এদেশের প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে। সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ তৈরি হলে তাদের জীবন হবে আরও স্বাবলম্বী ও নিরাপদ। গত শনিবার দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ২০২৫-২৬ অর্থবছরের জন্য গৃহীত কর্মসূচির আওতায় জেলার মুকসুদপুর উপজেলার প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানি ও মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা । এই উদ্যোগ স্থানীয় মৎস্যজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তের পরিচালক মো: আহসান হাবিব খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো: কামরুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ চাষ উন্নয়ন প্রকল্পের গোপালগঞ্জ উপ-পরিচালক খাইরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মো: আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী,পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মিন্টু প্রমুখ।
একই দিন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এডিপি অর্থায়নের মাধ্যমে ৩০জন বিশেষ চাহিদাসস্পন্ন ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ারগুলি বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিমুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের সচেতন মানুষদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান প্রমুখ।
জ/দি