প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৩৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯এর মাধ্যমে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, মাঠের ভেতরে মাটি চাপ দেওয়া ছিল লাশটি। তারপর পড়নে ছিল লুঙ্গি এবং নীল ও ঘিয়া রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। লাশটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।
স্থানীয় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, মাঠের মধ্যে একটি লাশ পাওয়া গেছে শুনে এসেছি। অত্যন্ত নির্মমভাবে লোকটিকে মারা হয়েছে।
ইউপি সদস্য সেলিম রেজা বাদশা বলেন, খবর পেয়ে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। তবে এখনো তার কোন পরিচয় পাওয়া যায়নি।