পীরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগে রোগীরা!
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিরায় দেওয়া বিভিন্ন ধরনের স্যালাইন ও কুকুরে কামড়ানো রোগীর ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাবে জ্বর, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় সব ধরনের ওষুধ ও স্যালাইন বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের চিকিৎসা নিতে আসা রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ জন রোগী সেবা নিতে আসেন। ইনডোরেও ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকেন। বর্তমানে হাসপাতালে ৯০ থেকে ১৩০ জন রোগী চিকিৎসাধীন। অথচ এই বিশাল সংখ্যক রোগীর বিপরীতে ওষুধ ও স্যালাইনের সরবরাহ কম।

চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি কলেরা ও নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণও হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে না।

আরও পড়ুন : দশমিনায় জমিজমা বিরোধে নবম শ্রেণির ছাত্রীকে হুমকির অভিযোগ, বিদ্যালয়ে যাওয়া বন্ধের আশঙ্কা

আখতার নামের এক রোগীর স্বজন জানান, পেটের সমস্যায় আক্রান্ত রোগীর জন্য টানা দুইদিন বাইরে থেকে স্যালাইন কিনে এনে দিতে হয়েছে, কারণ হাসপাতালে কোনো স্যালাইন ছিল না। মমেনা ও রশিদা আক্তার নামের দুই রোগীও জানান, স্যালাইন ও ওষুধ বাইরে থেকে কিনতে হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, বর্তমানে হাসপাতালে কলেরা স্যালাইন, নরমাল স্যালাইন, ডিএনএস, হার্টম্যানসহ বিভিন্ন স্যালাইনের ঘাটতি রয়েছে।

এছাড়া কুকুর কামড়ের ভ্যাকসিনও নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২৫০ ব্যাগ কলেরা স্যালাইন এসেছে, তবে রোগীর চাপ বেশি হওয়ায় তা বেশিদিন চলবে না।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবুল বাসার মোঃ সাইদুজ্জামান বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাঝেমধ্যে স্যালাইনের সংকট দেখা দেয়।

আরও পড়ুন : গোপালগঞ্জের কৃষ্ণপুর সপ্তদশ পল্লী কলেজে শিক্ষা প্রদানের বদলে চলছে মামলাবাজী

নতুন অর্থবছরের বাজেট না পাওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কুকুর কামড়ের ৩০টি ভ্যাকসিনের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায় তিনগুণ বেশি রোগীকে সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, হাসপাতালের পক্ষ থেকে দরখাস্ত পাওয়া গেছে। ইতোমধ্যে বিদ্যুৎ সমস্যার কারণে হাসপাতালে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের সংকট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুর রহমান বলেন, ‍‍`স্যালাইন সংকটের বিষয়ে আমাকে কেউ বলে নি। বললে অবশ্যই আমি সংসদে অধিবেশনে বলতাম। স্যালাইন সংকট বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে কিছু ব্যবস্থা করার চেষ্টা করব।‍‍

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft