প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৫৭ পিএম

জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ৩-৩ ড্র করেছে তলানির দল হাইডেনহাইমের সঙ্গে। দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করে তারা।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ৫-৪ গোলে হারের পর এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ ভিনসেন্ট কোম্পানি। সামনে ফিরতি লেগের কথা মাথায় রেখেই এই রদবদল করা হয়।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় বায়ার্ন। রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে সহজেই গোল করেন বুদু জিভজিভাদজে ও এরেন দিনচি, ফলে দ্রুতই দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
তবে বিরতির ঠিক আগে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান লিওন গোরেৎসকা। এরপর ৫৭তম মিনিটে কাছ থেকে ভলিতে গোল করে সমতা ফেরান এই মিডফিল্ডার, যিনি মৌসুম শেষে দল ছাড়বেন।
কিন্তু লড়াই ছাড়েনি হাইডেনহাইম। অবনমন এড়াতে পয়েন্টের তীব্র লড়াইয়ে থাকা দলটি আবারও এগিয়ে যায় ৭৬তম মিনিটে, যখন জিভজিভাদজে দুর্দান্ত শটে বল জালে জড়ান। এতে টানা চার লিগ ম্যাচে গোল করার ক্লাব রেকর্ডও গড়েন তিনি।
শেষ পর্যন্ত নাটকীয়তা অপেক্ষা করছিল যোগ করা সময়ে। বদলি খেলোয়াড় মিশেল অলিসে দূরপাল্লার শটে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। তার শটটি প্রতিপক্ষ গোলরক্ষক দিয়ান্ত রামায়ের গায়ে লেগে জালে ঢুকে পড়ে।
এই ড্রয়ের ফলে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৩। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬৭, যারা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বরুসিয়া মোনশেনগ্লাডবাখের বিপক্ষে।
অন্যদিকে হাইডেনহাইম রয়েছে তলানিতে ২৩ পয়েন্ট নিয়ে। তাদের উপরে থাকা ভলফসবুর্গের চেয়ে তারা দুই পয়েন্ট পিছিয়ে এবং অবনমন প্লে-অফ স্থানে থাকা সেন্ট পাউলির চেয়ে তিন পয়েন্ট কম। উভয় দলই নিজেদের ম্যাচ খেলবে রোববার।
জ/উ