প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে মাত্র ৪ ইঞ্চি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত বাবলু (৩০) নামের এক যুবক শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে প্রতিবেশী পারুলের সঙ্গে জমির আইলের ৪ ইঞ্চি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বাবলুর। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে বাবলুকে বেধড়ক মারধর করে। হামলার এক পর্যায়ে এক ব্যক্তি পেছন দিক থেকে তার মাথায় জোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।”
জ/দি