প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৫৪ পিএম

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদার এবং এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ ও সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এ কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জেলার প্রতিটি পর্যায়ে এ উদ্যোগের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মাদারীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ।
এ সময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের সফল বাস্তবায়নে করণীয়, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়।
জ/দি