কক্সবাজারে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যার মূল আসামি তারেক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম

কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির জুলাই যোদ্ধা খোরশেদ আলম হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

তিনি ওই এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত তারেক রামু উপজেলার খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানাধীন পৌর এলাকার কবিতা চত্বর এলাকায় খোরশেদ আলম (২৬) তার সঙ্গীয় ছাত্রী সমন্বয়ক তারিন সুলতানাকে নিয়ে ঘুরতে গেলে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা খোরশেদকে লক্ষ্য করে ধারালো চুরি  দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তার বন্ধু শাহজালালসহ সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক জানান, তার শরীরের পেট ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। 

ঘটনার পরপরই কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তদন্তের স্বার্থে ঘটনার সময় খোরশেদের সঙ্গে থাকা তারিন সুলতানাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার ১০ ঘণ্টার মধ্যেই আমরা খোরশেদ হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে যে অভিযোগ ওঠে, তা সঠিক নয়। পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft