প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম

নাটোরের কৃতি সন্তান, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সোনার তৈরি ধানের শীষ উপহার দিয়ে সম্মাননা জানানো হয়েছে। এ উপলক্ষে বাগাতিপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রবিবার (১ মার্চ ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রতিমন্ত্রীর অবদানের স্বীকৃতিস্বরূপ এই ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। সোনার ধানের শীষকে সমৃদ্ধি, উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী পুতুল নাটোরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে, এই সম্মাননা প্রদানকে কেন্দ্র করে বাগাতিপাড়া উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়দের মাঝে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস।
জ/দি