প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ১২:৩৯ পিএম

ইকুয়েডরের মাচালা কারাগারে অন্তত ১৩ বন্দি নিহত হয়েছেন। দেশটির কারাগার সেবা সংস্থা (এসএনএআই) সোমবার (৮ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।
এসএনএআই জানিয়েছে, মাচালা কারাগারের বাইরে একটি বিস্ফোরণ ঘটার পর মৃতদেহগুলো পাওয়া যায়। তবে বিস্ফোরণ সরাসরি হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ মৃতদেহের ময়নাতদন্ত এবং অন্যান্য 'রুটিন প্রক্রিয়া' পরিচালনা করছে যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায়। এ ঘটনার পর পুলিশের তাত্ক্ষণিক হস্তক্ষেপে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এ বছর ইতোমধ্যেই কারাগারে সহিংসতার কয়েকটি বড় ঘটনা ঘটেছে। গত মাসে, দেশটির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ বন্দি নিহত হয়। নিহতদের মধ্যে ২৭ জনকে হত্যা করা হয়েছিল। গত সেপ্টেম্বরে, আরও একটি সহিংস ঘটনায় ১৪ বন্দি ও একজন কারাগার রক্ষী নিহত হন।
এর আগে, ২০২০ সাল থেকে ইকুয়েডরের সহিংস কারাগারে ৬শ'র বেশি বন্দি নিহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসিএইচআর-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার। তবে, কারাগারে বন্দিদের নিরাপত্তা ইস্যুতে কোন মন্তব্য করেননি তিনি।
জদি/জ