বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বছরের বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন। ফিফা মঙ্গলবার তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার শেষ দুইটি ম্যাচ স্থগিত করেছে।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারার কারণে রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই লাল কার্ডের ফলে তিনি পর্তুগালের শেষ গ্রুপ ম্যাচ-আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের জয়ে খেলতে পারেননি।

পরে ফিফা নিশ্চিত করে, ৪০ বছর বয়সী রোনালদোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কোনো পুনরাবৃত্তি না ঘটলে বাকি দুই ম্যাচ আর কার্যকর হবে না।

আরও পড়ুন : বিপিএলে যুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক মেয়াদের অধীনে স্থগিত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষামূলক সময়ের মধ্যে একই ধরনের গুরুতর কোনো অপরাধ করলে স্থগিতাদেশ সঙ্গে সঙ্গে বাতিল হবে এবং রোনালদোকে বাকি দুই ম্যাচ অবিলম্বে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভোগ করতে হবে।

ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচারিক সংস্থা কোনো শাস্তি আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত করতে পারে। তবে কেন নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে-এ বিষয়ে ফিফা বাড়তি কিছু জানায়নি।

আরও পড়ুন : ১০ জনের দল নিয়ে এভারটনের ম্যানইউ জয়

ম্যাচে ভিএআর চেকের পর হলুদ কার্ড বদলে লাল কার্ড দেখানো হয় রোনালদোকে-যা ছিল তার ২২৬ আন্তর্জাতিক ম্যাচে প্রথম লাল কার্ড।

সৌদি আরবের আল-নাসরের সঙ্গে সদ্য ২০২৭ পর্যন্ত চুক্তি নবায়ন করা রোনালদো এবার খেলবেন তার ষষ্ঠ বিশ্বকাপ। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা পর্তুগালের ইউরো ২০১৬ জয়ী দলের সদস্য ছিলেন, জিতেছেন দুটি নেশনস লিগ শিরোপা এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ডটিও তার দখলে।

২০২৬ বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পর্তুগাল   ক্রিস্টিয়ানো রোনালদো     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft