প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৪৫ পিএম

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের কার্লোস স্পেগাজিনি এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। কেমিক্যাল ছড়িয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
বিস্ফোরণে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় আরমানি বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বাড়িটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হলেও এলাকায় ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ায় সেখানে আপাতত কেউ যেতে পারছেন না।
কার্লোস স্পেগাজিনি মূলত শিল্প এলাকা। গত শুক্রবারের বিস্ফোরণ আশপাশের প্রায় ২০ মিটার এলাকা পর্যন্ত প্রভাব ফেলেছে। স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, বিস্ফোরণের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতাল এবং ক্যানিং হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান মন্তে গ্রান্দে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো জানান, “আমরা জরুরি অবস্থায় আছি। আহতদের বেশিরভাগই ঘরের মধ্যেই আহত হয়েছেন, তবে কারও জীবনের ঝুঁকি নেই।”
বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলছেন ফ্রাঙ্কো আরমানি। দুর্ঘটনার সময় তিনি হোটেলে অবস্থান করছিলেন। আর্জেন্টিনার হয়ে ১৯ ম্যাচ খেলেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন এই গোলরক্ষক।
জ/দি