যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, দল আপনাদের সম্মান দেবে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:২৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের পরিবার ও রাজনীতির গল্প বলার পাশাপাশি স্ট্যাটাসটিতে তিনি বিএনপির মনোনয়নবঞ্চিতদের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৭মিনিটে দেয়া ফেসবুক স্ট্যাটাসটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সাথে থাকার জন্য।

আরও পড়ুন : যারা বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে দেশের শাসনভার চায় : মির্জা আব্বাস

এরপরই তিনি লিখলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল। ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল, কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

'আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!'- যোগ করেন মির্জা ফখরুল।

যদি আল্লাহ চান, গল্পগুলো অন্য কোনও দিন বলবেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। তার মতে, এ রকম গল্প তার দলের হাজার নেতাকর্মীর আছে।

আরও পড়ুন : কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত

মনোনয়নবঞ্চিতদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।

সবশেষে তিনি দোয়া চেয়ে লিখেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   বেগম খালেদা জিয়া   তারেক রহমান   মহাসচিব   মির্জা ফখরুল ইসলাম আলমগীর     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft