নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম

নির্বাচনে বিএনপি বাধা দিচ্ছে বলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের যে অভিযোগ করেছেন তার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন পর্যন্ত যত বাধা এসেছে, সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।’

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারতো না।’

আরও পড়ুন : বিএনপির ওপর দায় চাপানো অভ্যাসে পরিণত হয়েছে : রিজভী

জুলাই জাতীয় সনদে যা পাস হয়েছে, সব বিএনপির ৩১ দফায় রয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি সংস্কারপন্থি। কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয়, তাদের সামনে উপস্থাপন করতে হবে। তারা (জাতীয় ঐকমত্য কমিশন) স্বাক্ষরের নোট অব ডিসেন্ট রেখেছিল। এখন তারা সেগুলো বাদ দিয়ে দিয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।’

তিনি বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন করেছি। রাস্তায় নামিনি। প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। একটি দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণভোটের প্রয়োজন ছিল না। তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলা হতে পারে- এমন আশঙ্কার কথা জানিয়েছেন। কিন্তু কারা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল।’

আরও পড়ুন : নির্বাচনের দিন গণভোট হলে মূল্য থাকবে না : মুজিবুর রহমান

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা মানতে রাজি নই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। কারণ একাত্তর আমাদের অস্তিত্ব। অতীতকে স্মরণ করেন। তারা (স্বাধীনতাবিরোধীরা) মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করেছিল। পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা করেছে তারা।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাসিনা গণমাধ্যমে কথা বলছে, কিন্তু ক্ষমা চায়নি। সে ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে, ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন। তাকে বিচারের মুখোমুখি করতে হবে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   জামায়াতে ইসলামী     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft