প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুরুটা ভালো হলেও ধারাবাহিক থাকতে পারছে না ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে উলভসকে ৪-০ গোলে হারানোর পর টটেনহামের কাছে হারে ২-০ ব্যবধানে।
গতকাল রোববার রাতে ব্রাইটনের বিপক্ষেও এগিয়ে থেকেও হারের স্বাদ নিতে হলো পেপ গার্দিওলার দলকে।
অন্যদিকে অ্যানফিল্ডে নাটকীয় জয়ে আর্সেনালকে হারিয়ে মৌসুমের সেরা শুরু করেছে লিভারপুল। তিন ম্যাচে টানা তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্নে স্লটের শিষ্যরা।
ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য দেখায় ম্যানসিটি। ৩৪ মিনিটে মারমুশের পাস থেকে গোল করেন আর্লিং হল্যান্ড। প্রিমিয়ার লিগে মাত্র ১০০ ম্যাচ খেলে এটি তার ৮৮তম গোল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অভিজ্ঞ জেমস মিলনার। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়লেও শেষ মুহূর্তে ব্রাহান গ্রুদার দারুণ গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাইটন। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে ম্যানসিটি।
অন্যদিকে অ্যানফিল্ডে ম্যাচের বেশিরভাগ সময় গোলশূন্য থাকলেও ৮৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে লিভারপুলকে জয় এনে দেন দমিনিক সোবোসলাই। তার গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লিভারপুল।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় চেলসি, ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল।