প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় গ্রামবাসী। আজ সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম, ইউপি সদস্য জীবন মিয়া, নিয়াজউল্লাহ, সাঈদ, আবু সিদ্দিক, কামাল মিয়া ও সুক্কু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নাছিরাবাদের শাখাওয়াত হোসেন পায়েল পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহলটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি বিলীন হয়ে গেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, “স্বর্ণমহল” খ্যাত এই বালুমহলকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসলেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে।
ইউপি চেয়ারম্যান নুরে আলম বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বালু মহলে অভিযান পরিচালনা জটিল, কারণ সেখানে মাঝে মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।