প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:৩২ পিএম

পর্যটক বাড়াতে আগামী দুই বছরের জন্য প্রায় ১০০টি হিমালয় পর্বত বিনামূল্যে আরোহণের সুযোগ দিচ্ছে নেপাল। দেশটির সরকার কারনালি ও সুদূরপশ্চিম প্রদেশের ৯৭টি পর্বতে রয়্যালটি বা অনুমতি ফি মওকুফ করেছে। এই উদ্যোগের লক্ষ্য চীনের সীমানা ঘেঁষা কম উন্নত অঞ্চলে পর্যটকদের আকৃষ্ট করা।
নেপাল এখন পর্যন্ত ৪৯১টি পর্বত আরোহণের জন্য উন্মুক্ত করেছে। তবে পর্যটকদের মূল মনোযোগ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের মাত্র ২৫টি পর্বতে, যার মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রতি বছর শত শত পর্বতারোহী এভারেস্ট জয় করার চেষ্টা করে।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে নেপাল নিম্ন উচ্চতার পর্বতের অনুমতিপত্রের ফি ২৫০ ডলার থেকে বাড়িয়ে ৩৫০ ডলার করেছে। এভারেস্টের ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে প্রায় এক দশকের মধ্যে এই প্রথম ফি বাড়ানো হলো। তবে কারনালি ও সুদূরপশ্চিম অঞ্চলের ৫,৯৭০ মিটার থেকে ৭,১৩২ মিটার উচ্চতার পর্বতগুলোর জন্য এই ফি পুরোপুরি মওকুফ থাকবে। এই দুই প্রদেশ নেপালের সবচেয়ে দরিদ্র ও কম উন্নত অঞ্চল হিসেবে পরিচিত।
পর্বতারোহণ নেপালের অন্যতম বড় রাজস্ব উৎস। দেশটিতে বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বত রয়েছে। গত বছর শুধুমাত্র পর্বতারোহণ অনুমতিপত্র থেকে নেপাল ৫৯ লাখ ডলার আয় করেছে, যার তিন-চতুর্থাংশের বেশি এসেছে এভারেস্ট থেকে। নেপালের পর্যটন বিভাগ আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে ‘অনাবিষ্কৃত পর্যটন সম্ভাবনা ও গন্তব্য’ আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা যাবে।
পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম রয়টার্সকে জানান, ৯৭টি পর্বতের অনুমতিপত্র ফি মওকুফের লক্ষ্য ছোট উচ্চতার পাহাড়ে এবং দুর্গম অঞ্চলে আরোহণকে উৎসাহিত করা। তিনি বলেন, ‘পরিকল্পনাটি হলো পর্বতারোহীদের অনাবিষ্কৃত অথচ মনোরম পাহাড়ি অঞ্চলে যেতে উৎসাহিত করা।’
জ/উ