প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৬:৩২ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে। তবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে।
গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
এ সময় জানানো হয়, ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। মালয়েশিয়ায় কীভাবে আরও জনশক্তি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
এ ছাড়া মালয়েশিয়ায় যে সব কোম্পানি আছে, কীভাবে তাদের বিনিয়োগ আনা যায় সেই চেষ্টা থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেদেশে সফরে গেছেন। আগামীকাল ১২ আগস্ট পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধান বৈঠক করবেন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে। যেসব বিষয় সমঝোতা স্মারক সই হবে, সেগুলো, ১. প্রতিরক্ষা সহযোগিতা। ২. জ্বালানি সহযোগিতা। ৩. বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মেমোসের (মালয়েশিয়ান কোম্পানি) মধ্যে সমঝোতা সই। ৪. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সমঝোতা সই। ৫. ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা সই। যে তিনটি বিষয়ে নোট বিনিময় হবে, সেগুলো: ১. হালাল খাদ্য ব্যবস্থাপনা। ২. ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানসের (আইডিএফআর) মধ্যে সহযোগিতা। ৩. দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতা।