প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:২৩ পিএম

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পাঁচজন সচিবকে। এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
পাঁচ সচিব হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার ও জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ।
সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাদের অবসরে পাঠানো প্রয়োজন বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
উল্লেখ্য, আইন অনুযায়ী ২৫ বছর হয়ে গেলে একজন কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে সরকার কিন্তু সেজন্য সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে হয় না।
এদিকে আরেকটি প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। এরই অংশ হিসেবে বেশ কিছু কর্মকর্তাকে আগেভাগে অবসরে পাঠানো হয়েছে, আবার অনেককে অবসর থেকে ফিরিয়ে এনে চুক্তিভিক্তিক নিয়োগও দেওয়া হয়েছে।