বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে তারা বাংলাদেশের জনগণ, সরকার এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’ বার্তায় আরও উল্লেখ করা হয়, এই দুঃখজনক সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও পৃথক এক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।