প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:১৫ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৩:৫১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কর্মসূচির মূল পর্ব শুরু হবে ১৪ জুলাই, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে, প্রতি বছর ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘জুলাই মাসে যেভাবে পুরো বাংলাদেশ এক হয়েছিল, সেই অনুভূতিকে আবার ফিরিয়ে আনাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য।’ এই বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। ছাত্র-জনতার দাবি অনুযায়ী, ৫ আগস্টের মধ্যে 'জুলাই ঘোষণাপত্র' প্রস্তুত করার জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণাপত্রটি চূড়ান্ত করবে।
এছাড়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসনের রূপরেখা তৈরির জন্য শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে।
বৈঠকে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং এসব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।