প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৭:৪৫ পিএম

বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ভিয়েতনাম। শুক্রবার দেশটির টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারীদের টেলিগ্রাম ব্লক করার নির্দেশ দিয়েছে সরকার। এ ঘটনাকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছে টেলিগ্রাম।
ভিয়েতনাম সরকারের নিউজ পোর্টালে এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ বিভাগ ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের চিঠি পাঠিয়ে টেলিগ্রাম অ্যাপ ব্লকের নির্দেশ দেয়।
সতর্ক করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টেলিগ্রাম দেশের আইন লঙ্ঘন করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেনি সংস্থাটি।
দেশটির ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ২১ মে তারিখের টেলিগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ২ জুনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের তথ্যমতে, ভিয়েতনামে টেলিগ্রামের ৯,৬০০টি চ্যানেলের প্রায় ৭০ শতাংশই খারাপ তথ্যে ভরা। এছাড়া কিছু মানুষ ও গোষ্ঠী নিয়মিত রাষ্ট্রবিরোধী নথি প্রচার করেছে এবং প্রতিক্রিয়াশীল কার্যকলাপে জড়িত।
সরকার আরও দাবি করেছে, টেলিগ্রামের কিছু গোষ্ঠী ব্যবহারকারীদের তথ্য বিক্রি করার জন্য অ্যাপটি ব্যবহার করছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর লিঙ্ক রয়েছে।
ভিয়েতনামের কট্টরপন্থী প্রশাসন সাধারণত ভিন্নমত দমন করতে এবং সমালোচকদের বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সরব ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গ্রেপ্তার করতে দ্রুত পদক্ষেপ নেয়। গত বছর ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্মেও নানান বিধিনিষেধ আরোপ করেছিল ভিয়েতনাম সরকার।
এদিকে ভিয়েতনাম সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত টেলিগ্রাম। সংস্থাটির একজন প্রতিনিধি বলেছেন, ভিয়েতনাম সরকারের পদক্ষেপে আমরা হতবাক হয়েছি। আমরা সময়মতো ভিয়েতনামের আইনি অনুরোধের জবাব দিতে যাচ্ছি, যা প্রক্রিয়াধীন রয়েছে এবং সময়সীমা ২৭ মে।
ডেটা রিপোর্ট ওয়েবসাইট অনুসারে, ২০২৫ সালের শুরুতে ভিয়েতনামে ৭৯.৮ মিলিয়ন ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করতেন এবং ডেটা এক্সট্রাকশন কোম্পানি সোক্স অনুসারে, ১১.৮ মিলিয়ন টেলিগ্রাম ব্যবহারকারী ছিলেন। বিশ্বব্যাপী টেলিগ্রাম ব্যবহারকারী প্রায় এক বিলিয়ন।