কুমিল্লা সরকারি মহিলা কলেজে একযোগে ৭ শিক্ষক বদলি
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম

জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে দেশব্যাপী আলোচনার পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাতজন শিক্ষককে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজটির ইতিহাসে একযোগে এতসংখ্যক শিক্ষকের বদলির ঘটনা এবারই প্রথম। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলিকৃত শিক্ষকরা হলেন-উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন। প্রজ্ঞাপনে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম সরাসরি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন না। গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। এছাড়া কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মোহাম্মদ মহসীন শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন।

গত ১৩ জুলাই ভারী বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেলে জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের অনেকেই চরম ভোগান্তির শিকার হন। পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনের উদ্যোগে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এরপর ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজটি পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় বদলির সিদ্ধান্ত নিতে পারে। তবে একযোগে সাত শিক্ষকের বদলি শাস্তিমূলক কি না, সে বিষয়ে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft